মোঃ আজাদ, ভোলা | ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) মধ্যরাত ১২টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদর উপজেলার দরিরাম সংস্কর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ১ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন রমজান আলী রনি (৩৮)। তিনি শেখ ফরিদ উদ্দিনের ছেলে। তার বাড়ি ভোলা সদর থানার দরিরাম সংস্কর গ্রামে, ৫ নম্বর ওয়ার্ডে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড আরও জানায়, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।